একদা স্বপ্ন ছিলো ডাক্তার হবো
রোগীর হাত ধরে শুনবো তার
প্রাণঘাতী বেদনার কথা;
মানুষের বিষাদ ও বেদনার চেয়ে
অনুপম ফুল জগতে আর নেই
কিন্তু ডাক্তার হবার স্বপ্ন আমার পূরণ হয়নি।
এখন মাঝে মাঝে নিজেই ডাক্তারখানায় যাই
ব্যস্ত ডাক্তারের চোখে ডাকাতের প্রতিচ্ছবি দেখে
ফিরে আসি আলসারের ব্যথা নিয়ে।

ছোটবেলায় অনেকদূরের গ্রাম থেকে
এক বুড়োলোক আসতেন সওদা নিয়ে
তার ঝুড়িতে থাকতো নানারকম খাবার
তখন আমার ইচ্ছে হতো সেই লোকের
পিছুপিছু চলে যাই অজানা কোনো গাঁয়ে
যেখানে আকাশ নেমে গেছে মাটিতে
যেখানে আমার নাম জানে না কেউ
সে স্বপ্নও পূরণ হয়নি;
দেখা হয়নি অচেনা জলের ঢেউ!

টিভিতে গান শুনলে মনে হতো
আমিও গায়ক হবো, প্রাণখুলে গাইবো
মানুষের মনের কথা; আবার অনেকদিন
সিনেমা দেখে প্রতিবাদী নায়ক হতেও ইচ্ছে করেছে।
মনে হয়েছে শহরে গিয়ে হবো বস্তির সর্দার!
সে স্বপ্নও পূরণ হয়নি; চেয়েছিলাম
ছোট্ট একটা দোকান দেব, পান-বিড়ি-জর্দার!
দোকান ভর্তি খেলনাও থাকবে।
ছোটবেলায় একটা টমটম গাড়ির জন্য কত কেঁদেছি!

একটু একটু বড় হতে স্বপ্নেরা বদলে গেছে
বাঁকে বাঁকে পথ হয়েছে বিভাজন
বদলে গেছে স্বপ্নের ধরণ ও স্বপ্ন দেখার মন!
বারবার হয়েছে ইচ্ছে ও অনিচ্ছের কর্তন!
লোকজন কথায় কথায় ইউরোপ চলে যায়
আমি এখনো বিলুপ্তমুখী সুন্দরবনে যাইনি!
চলনবিলের চলিষ্ণুজলে নৌকায় বসে
দেখিনি চাঁদরাতে মেঘের লুকোচুরি!

ইচ্ছেরা সব অনিচ্ছের আকাশে এখন
দিকহীন সুতোকাটা ঘুড়ি।
🙂 ~ Shahrukh Ahamed

Comments

Popular posts from this blog